ডিএসই : সূচকের পতন, লেনদেন ১৪৩৯ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৯ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। লেনদেন কমে এদিন এক হাজার ৪৩৯ কোটি টাকার ঘরে চলে এসেছে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ১৮ দশমিক ৯৭ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৭৪৩ দশমিক ৮৫ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১৬ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ১৬২ দশমিক ৯২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক শূন্য দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৬৮ দশমিক ৯২ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। যেখানে গত মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি ১১ লাখ টাকা। গত মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৯৮ হাজার ৬৯২ কোটি ৩০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৮৫টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ৬৭ কোটি এক লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ৬০ কোটি ৪৬ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ৩৮ কোটি ৪৭ লাখ টাকা, বেক্সিমকোর ৩৩ কোটি ২৫ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ২৯ কোটি ৯৭ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ২৭ কোটি ৩৭ লাখ টাকা, সিটি ব্যাংকের ২৪ কোটি ২৮ লাখ টাকা, আইটিসির ২৪ কোটি ১৯ লাখ টাকা, স্কয়ার ফার্মার ২০ কোটি ৮৩ লাখ টাকা এবং সোনারগাঁ টেক্সটাইলের ১৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ১৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক