লেনদেনসহ ডিএসইতে সূচকের উত্থান, মূলধন বাড়ল ৪২৮৩ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ রোববার (২৮ জুন) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬৭ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৫৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গত বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে চার হাজার ২৮৩ কোটি টাকা। লেনদেন বেড়ে এদিন এক হাজার ৩৭১ কোটি টাকার ঘরে চলে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ২৭ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৩ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি আরও বাড়ে। এদিন লেনদেন শুরুর ৬২ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৪০ পয়েন্ট। পরে সূচকের উত্থান আরও বাড়ে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৬৬ দশমিক ৯৪ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৭১৯ দশমিক ৭৬ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ১৩ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৫৬ দশমিক ৯৬ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩১ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১৬২ দশমিক ৫৬ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৩৭১ কোটি তিন লাখ টাকার শেয়ার। যেখানে গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়াল ছয় লাখ ৯৬ হাজার ৮০৯ কোটি ৩৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৯২ হাজার ৫২৬ কোটি ৭৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১৩৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১০৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনসিসি ব্যাংকের ৪৮ কোটি ৮৭ লাখ টাকা, আইটিসির ৪০ কোটি ৬৪ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ৩৬ কোটি ৪৬ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ৩৫ কোটি ৪৬ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৩২ কোটি পাঁচ লাখ টাকা এবং সিটি ব্যাংকের ২৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে চার দশমিক ২৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক