ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালুর অনুমোদন পেল ইউনাইটেড ফাইন্যান্স
শরিয়াহভিত্তিক আর্থিক সেবা চালু করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। ইতোমধ্যে কোম্পানিটিকে উইন্ডো চালুর জন্য নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির দেওয়া তথ্যমতে, গত ৮ মার্চ এক চিঠির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ইউনাইটেড ফাইন্যান্সকে ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালুর জন্য নীতিগত অনুমোদন (ইন-প্রিন্সিপ্যাল অ্যাপ্রুভাল) প্রদান করেছে। তবে এই অনুমোদনের সঙ্গে কিছু শর্ত যুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করতে হবে। প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন হওয়ার পর কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে শরিয়াহভিত্তিক আর্থিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।
জানা যায়, এই ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর মাধ্যমে প্রতিষ্ঠানটি শরিয়াহসম্মত আর্থিক সেবা প্রদান করবে, যা তাদের বিদ্যমান প্রচলিত আর্থিক কার্যক্রমের পাশাপাশি পরিচালিত হবে। ফলে ইউনাইটেড ফাইন্যান্স ভবিষ্যতে একই প্রতিষ্ঠানের অধীনে প্রচলিত ও শরিয়াহভিত্তিক দুই ধরনের আর্থিক সেবা দেওয়ার সুযোগ পাবে।

নিজস্ব প্রতিবেদক