কে অ্যান্ড কিউর মূলধন বাড়ানোর প্রস্তাবে অসম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউর (বাংলাদেশ) পরিশোধিত মূলধন বাড়াতে গত সমাপ্ত অর্থবছরের জন্য ছয় শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। এই লভ্যাংশ দেওয়াতে অসম্মতি জানায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানায়। তবে কোম্পানিটি বিএসইসির কাছে বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আবেদন করবে।
কে অ্যান্ড কিউর পরিচালনা পর্ষদ তাদের পরিশোধিত মূলধন বাড়াতে ছয় শতাংশ বোনাস লভ্যাংশের ঘোষণা করেছিল। গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তিতে করে এই লভ্যাংশের ঘোষণা করা হয়েছিল। তবে কোম্পানিটির সংরক্ষিত মুনাফা তহবিলে পর্যাপ্ত মূলধন না থাকায় এ লভ্যাংশে অসম্মতি জানায় বিএসইসি।
গত ২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ছয় শতাংশ বোনাস ও চার শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে কে অ্যান্ড কিউ। আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯ টাকা ৪৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০১ টাকা ৭২ পয়সা।

নিজস্ব প্রতিবেদক