৬৫ শতাংশ লভ্যাংশ দেবে ইউনাইটেড পাওয়ার
পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশনের ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) শেয়ারহোল্ডারদের জন্য ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচিত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে কোম্পানিটির পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২০ টাকা ৬৬ পয়সা। আগের ২০২৩-২৪ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৪ টাকা এক পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ছয় টাকা ৬৫ পয়সা।
আলোচিত সমাপ্ত অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৮ টাকা ৬১ পয়সা। আগের সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ ৮৮ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭৩ টাকা ৮৯ পয়সা। আগের সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৫৯ টাকা ২৩ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায়। বিনিয়োগকারী নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।

নিজস্ব প্রতিবেদক