সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সৌদি আরবের মক্কা ও মদিনায় এখন পর্যন্ত মোট ছয়জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) মক্কার বাংলাদেশ হজ অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
হজ অফিস জানায়, সর্বশেষ গতকাল সোমবার (২৭ এপ্রিল) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা যান। একই দিন মক্কায় মারা যান শেরপুরের শ্রীবরদী উপজেলার মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। তারা দুজনই স্বাভাবিকভাবে মারা গেছেন বলে জানা গেছে।
চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত যে ৬ জন বাংলাদেশি মারা গেছেন, তাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ১ জন মদিনায় মারা যান।
এদিকে হজ বুলেটিন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৯২টি হজ ফ্লাইটে মোট ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৩৩ হাজার ৭১২ জন।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই হজযাত্রীদের যাতায়াত ও অবস্থান তদারকি করছে বাংলাদেশ হজ মিশন।

কামাল পারভেজ অভি, মক্কা