ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু
নেত্রকোনার জেলার খালিয়াজুরীতে ডোবার পানিতে পড়ে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলাধুলার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে এবং শাহাদত একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই শিশু একসঙ্গে খেলছিল। খেলার ছলে অসাবধানতাবশত তারা পাশের একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভজন দাস, নেত্রকোনা