মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ফেরতের নির্দেশ
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠ্যপুস্তকে মুদ্রণজনিত ত্রুটি থাকায় মাঠপর্যায়ে সরবরাহকৃত বইগুলো সংশ্লিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চিঠির প্রেক্ষিতে রোববার (২৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, এনসিটিবি গত ২৪ অক্টোবরের পত্রের মর্মানুযায়ী ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির সরবরাহকৃত ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠ্যপুস্তকটিতে মুদ্রণজনিত ত্রুটি থাকায় তা পুনরায় সংশোধন করা প্রয়োজন।
মাউশির চিঠিতে দেশের সব জেলা এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের এই তথ্য জরুরি ভিত্তিতে সংগ্রহপূর্বক বাস্তবায়নের নির্দেশ প্রদান করা হয়। নির্ধারিত নমুনা ছক অনুযায়ী মাঠপর্যায় থেকে বই হস্তান্তরের প্রক্রিয়া তদারকি করা হবে।
এর আগে এনসিটিবির নির্দেশনায় বলা হয়, যে সব মুদ্রণ প্রতিষ্ঠান ইতোমধ্যে জেলা, উপজেলা ও থানা শিক্ষা অফিস বরাবর এনসিটিবির ওয়েব পোর্টালে তৈরিকৃত অনুমোদিত চালানের মাধ্যমে বইগুলো সরবরাহ করেছে, সেগুলোকে নিজ উদ্যোগে সংগ্রহ করে মুদ্রণ প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে। এই কাজে সব জেলা, উপজেলা ও থানা শিক্ষা অফিসকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)