প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানকে কেন্দ্র করে ববিতে সংঘর্ষ, আহত ২০
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অর্থনীতি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর ও প্রধান ফটক এলাকায় চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মুসা হোসাইন নবীনবরণ অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই ছাত্রীকে র্যাগিং ও উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে মুসার বিরুদ্ধে। বিষয়টি অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা জানতে পেরে সিনিয়রদের খবর দিলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্ত মুসাকে মারধর করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাওয়ার পথে অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে গাড়ি থেকে নামিয়ে পুনরায় মারধরের অভিযোগও পাওয়া গেছে।
এ ঘটনায় অভিযুক্ত মুসা আহত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা উত্ত্যক্তের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ঘটনাটি অতিরঞ্জিত করা হয়েছে এবং কোনো অভিযোগ থাকলে প্রশাসনের কাছে জানানো উচিত ছিল।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, পুলিশ ও প্রশাসন মিলে উভয় পক্ষকে শান্ত করেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আকতার ফারুক শাহিন, বরিশাল