সড়ক দুর্ঘটনায় প্রাণ গলো ববি শিক্ষার্থীর, মহাসড়ক অবরোধ ও ভিসির দপ্তরে তালা
সড়ক দুর্ঘটনায় আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত মারা গেছেন। রোববার (৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়াসিনের মৃত্যুর খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ করে রাখেন তারা।
এর আগে রোববার বিকেলে বরিশালের দপদপিয়া সেতুতে বিআরটিসি বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ইয়াসিন আরাফাত। প্রথমে তাঁকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই মারা যান তিনি।
এ দুর্ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকেও শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে রাত সাড়ে ৯টার দিকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও প্রক্টর কর্তৃক মৃত্যুর খবর নিশ্চিত করার পর আবারও মহাসড়ক ব্লকেডসহ কঠোর কর্মসূচিতে যান শিক্ষার্থীরা।
প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ জানান, আমি বর্তমানে ঢাকা মেডিকেলে রয়েছি। আমাদের শিক্ষার্থী আর নেই। তার পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আব্দুল্লাহ জাইফ, বরিশাল বিশ্ববিদ্যালয়