বন্ড সুবিধার ১২৬ টন কেমিক্যালে গরমিল, একটি গুদাম সিলগালা
নারায়ণগঞ্জের টানবাজারে বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কেমিক্যাল অবৈধভাবে খোলাবাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অভিযানে এম আর ট্রেডার্সের একটি গুদামে প্রায় ৮১ দশমিক ৬ টন কেমিক্যাল ও অন্যান্য কাঁচামাল পাওয়া গেছে। তবে এসব পণ্যের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। পরে পণ্যসহ গুদামটি সিলগালা করা হয়।
আজ সোমবার (২ নভেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ তথ্য জানিয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গতকাল রোববার বন্ড সুবিধায় আমদানি করা কেমিক্যাল অবৈধভাবে খোলাবাজারে বিক্রি হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের টানবাজারে এম আর ট্রেডার্সের গুদামে অভিযান চালানো হয়। সেখানে সোডিয়াম হাইড্রোসালফাইটসহ বিপুল পরিমাণ কেমিক্যাল ও অন্যান্য কাঁচামাল মজুদ পাওয়া যায়। কিন্তু প্রতিষ্ঠানটি এসব পণ্য আমদানি, ক্রয় বা বৈধভাবে মজুদের পক্ষে কোনো দলিল দেখাতে পারেনি। এ কারণে পণ্যসহ গুদামটি সিলগালা করা হয়েছে।
অন্যদিকে একই অভিযোগের সূত্র ধরে সিম ফেব্রিক্স লিমিটেডেও অভিযান চালান কাস্টমস গোয়েন্দারা। প্রতিষ্ঠানটি গত ১৭ অক্টোবর বিল অব এন্ট্রি নম্বর সি-১২৯৩৪৮২ এর মাধ্যমে ভারত থেকে বন্ড সুবিধায় ৪৫ টন সোডিয়াম হাইড্রোসালফাইট আমদানি করে। কিন্তু অভিযানকালে আমদানি করা এসব কেমিক্যালের অস্তিত্ব দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।
কাস্টমস গোয়েন্দাদের ধারণা, বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা এসব কেমিক্যাল উৎপাদনকাজে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করা হয়ে থাকতে পারে। একদিকে বন্ড সুবিধায় আমদানি করা ৪৫ টন কেমিক্যালের হদিস নেই, অন্যদিকে একটি নন-বন্ডেড প্রতিষ্ঠানের গুদামে বৈধ কাগজপত্র ছাড়াই পাওয়া গেছে ৮১ দশমিক ৬ টন কেমিক্যাল। এই দুই প্রতিষ্ঠানের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা। জব্দ করা কেমিক্যালের প্রকৃত উৎস, আমদানি ও কেনাবেচার তথ্য এবং বন্ড সুবিধার অপব্যবহারের বিষয়টি তদন্ত করা হচ্ছে। একইসঙ্গে এ ঘটনায় সরকারের কী পরিমাণ শুল্ক-কর রাজস্ব ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে।

নিজস্ব প্রতিবেদক