বিমানবন্দরে দুই যাত্রীর শরীরে লুকানো ২৪ কোটি টাকার স্বর্ণ জব্দ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর শরীর থেকে ১২ কেজি স্বর্ণের পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।
আজ বুধবার (২৮ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ তথ্য জানিয়েছেন।
মো. আল আমিন জানান, বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে৫৮৬ ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে নজরদারি শুরু করেন ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা। একপর্যায়ে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসা দুই যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা স্বর্ণের পেস্ট পাওয়া যায়।
মো. আল আমিন আরও জানান, উদ্ধার করা ওই স্বর্ণের মোট ওজন ১২ কেজি। কাস্টমস কর্মকর্তারা প্রাথমিক যাচাইয়ে উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হয়েছেন। তাদের শরীর থেকে উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা। এ ঘটনায় জব্দ স্বর্ণ ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে।

নিজস্ব প্রতিবেদক