বাজেটে পরিবেশবান্ধব ব্যাটারি উৎপাদনে প্রণোদনা
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে পরিবেশবান্ধব ব্যাটারি শিল্পের বিকাশ এবং নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিকে উৎসাহিত করতে লিথিয়াম-আয়ন, সোডিয়াম-আয়ন ব্যাটারি ও ব্যাটারি প্যাক উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন।
প্রস্তাবিত বাজেটে পরিবেশবান্ধব ব্যাটারি উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণ আমদানির ক্ষেত্রে ৩০ জুন ২০৩০ পর্যন্ত শুল্ক ও কর অব্যাহতি সুবিধা দেওয়া হবে। এ লক্ষ্যে একটি নতুন প্রজ্ঞাপন জারিরও প্রস্তাব করা হয়েছে। এই উদ্যোগ দেশীয় ব্যাটারি শিল্পে বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং ইলেকট্রিক যানবাহন ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অঙ্কের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতে হবে।

নিজস্ব প্রতিবেদক