করদাতাদের স্বীকৃতি দিতে নতুন উদ্যোগ
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামাজিকভাবে সম্মানিত করা এবং সকলকে কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে “সেরা করদাতা পুরস্কার নীতিমালা, ২০২৬” প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেটে খাতভিত্তিক সর্বোচ্চ ২২টি সহ মোট ৬৭ জন করদাতাকে সেরা করদাতার পুরস্কার প্রদান করা হবে। সরকারের মতে, এই উদ্যোগ করদাতাদের সামাজিক স্বীকৃতি বৃদ্ধি করবে এবং দেশে কর প্রদানের সংস্কৃতি আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।
এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অংকের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুন বাজেট পাস করতে হবে।

নিজস্ব প্রতিবেদক