ওয়াশিং মেশিন ও এলপিজি শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশীয় উৎপাদন শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও ভোক্তাবান্ধব করতে গুরুত্বপূর্ণ শুল্ক সুবিধার প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় শুরু হওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেন উৎপাদনে ব্যবহৃত অন্যতম প্রধান কাঁচামাল ফ্লোট গ্লাস (Float Glass) আমদানির ওপর বর্তমানে আরোপিত ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে উৎপাদন ব্যয় কমে এসব পণ্যের বাজারমূল্য কমার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, এলপিজি সিলিন্ডার, অটো ট্যাঙ্ক এবং ভাল্ব ও বাঙ্গ (Valve & Bung) উৎপাদনকারী শিল্পের জন্য কাঁচামাল ও উপকরণ আমদানিতে বিদ্যমান রেয়াতি শুল্ক ও শুল্ক অব্যাহতি সুবিধা ৩০ জুন ২০২৭ পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।
এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অংকের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুন বাজেট পাস করতে হবে।

নিজস্ব প্রতিবেদক