নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সরাসরি সহায়তা দেওয়া বাজেটের লক্ষ্য : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে ফিরিয়ে আনতে এবারের বাজেটের মূল দর্শন ‘অর্থনীতির গণতন্ত্রীকরণ বা ডেমোক্রেটাইজেশন অব ইকোনমি’। অর্থনৈতিক কর্মকাণ্ডের সুফল সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়া, দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সরাসরি সহায়তা দেওয়া এবারের বাজেটের লক্ষ্য।
আজ মঙ্গলবার (২ জুন) পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭ : প্রত্যাশা ও বাস্তবায়ন’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল ও ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী।
কৃষক ও সৃজনশীল অর্থনীতির সঙ্গে যুক্ত মানুষদের ক্ষমতায়ন করাসহ বেসরকারি খাতের জন্য নিয়ন্ত্রণমুক্ত পরিবেশ তৈরি করাকে বাজেটের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে দরিদ্র মানুষের সুরক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও সৃজনশীল অর্থনীতির পাশাপাশি বেসরকারি খাতকে আরও শক্তিশালী করা হবে। কারণ অর্থনীতিকে এগিয়ে নেওয়ার মূল চালিকাশক্তি সরকার নয়, বেসরকারি খাত। সরকারের কাজ ব্যবসা করা নয়, ব্যবসা-বাণিজ্যের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা। কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন ধরে সরকারের ভূমিকা অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি করার মতো হয়ে গেছে। আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই।
জুন মাসে বাজেট দিতেই হবে উল্লেখ্য করে আমির খসরু বলেন, আমরা অত্যন্ত ধৈর্য, পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। ঘুম ছাড়া সবাই প্রায় সারাক্ষণ কাজ করছে। আমরা একটি ভালো বাজেট দেওয়ার চেষ্টা করেছি।
ব্যবসা-বাণিজ্যে হয়রানি ও দীর্ঘসূত্রতা কমাতে সরকারের অবস্থান স্পষ্ট করে অর্থমন্ত্রী বলেন, নাগরিক বা উদ্যোক্তাদের কোনো সেবার জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে না। মিউটেশন, লাইসেন্স, বিদ্যুৎ সংযোগ, পাসপোর্ট যে সেবাই হোক না কেন, সবকিছু নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে।
কোনো সেবার জন্য একাধিক প্রতিষ্ঠানের অনুমোদন লাগলেও আবেদনকারীকে বারবার বিভিন্ন অফিসে যেতে হবে না জানিয়ে মন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট পয়েন্টে আবেদন করলেই সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে। যদি কেউ নির্ধারিত সময়ে সাড়া না দেয়, তাহলে মানুষকে আর অপেক্ষা করতে হবে না। অটো অনুমোদন হয়ে যাবে। আমরা কোনো ধরনের হয়রানি চাই না। নাগরিকের জীবন সহজ করা সরকারের দায়িত্ব।

নিজস্ব প্রতিবেদক