১৯ দিনে প্রবাসী আয় এলো ২৫ হাজার ৯৪৯ কোটি টাকা
চলতি বছরের এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশে ২১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৫ হাজার ৯৪৯ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু গতকাল রোববার (১৯ এপ্রিল) একদিনেই প্রবাসী আয় এসেছে এক হাজার ৯৩৯ কোটি ৪০ লাখ টাকা। গত বছরের এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ৯০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৮০ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৯ এপ্রিল পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে দুই হাজার ৮৩৩ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৩৫০ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৬০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক