ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন মেলা শুরু বুধবার
চার দিনব্যাপী তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন মেলা শুরু হচ্ছে আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি)। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনী আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) পর্যন্ত চলবে। এতে অংশগ্রহণ করবে দেশি-বিদেশি ৭৪টি প্রতিষ্ঠান।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে “ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬” আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বুধবারের এই প্রদর্শনী উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। যৌথভাবে এই মেলার আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। এ সময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ এখন অনেক দেশের জন্য রোল মডেল। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
এবারের এক্সপোতে নতুনত্ব থাকছে, দর্শনার্থীদের জন্য এটি হবে আরও আকর্ষণীয় ও কার্যকর একটি আয়োজন জানিয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এই এক্সপোতে শিক্ষার্থীদের উদ্ভাবন ও দেশীয় প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিভিন্ন সেমিনার ও জ্ঞানভিত্তিক আয়োজন থাকবে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধি, আইসিটি খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, তরুণদের অংশগ্রহণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের এমডি মো. মামুনুর রশীদ ভুঞা বলেন, হাই-টেক পার্কের সুফল এখন জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত পৌঁছেছে। এবারের এক্সপোতে দেশজুড়ে শিক্ষার্থীদের সেরা উদ্ভাবন প্রদর্শিত হবে।
বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রথম দিন উদ্বোধনের পর রাত ৮টা পর্যন্ত এবং অন্যান্য দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। প্রবেশ বিনামূল্যে হলেও অনলাইনে (www.ddiexpo.com.bd) অথবা স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এক্সপোতে থাকবে ইনোভেশন জোন, ডিজিটাল ডিভাইস জোন, মোবাইল জোন, ই-স্পোর্টস জোন ও বিটুবি জোন। ডিজিটাল ডিভাইস ও মোবাইল জোনে পণ্য ক্রয়ের সুযোগ থাকবে। প্রদর্শনী চলাকালে পাঁচটি সেমিনার ও চারটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এসব সেমিনার ও প্যানেলে দেশের বরেণ্য তথ্যপ্রযুক্তিবিদ, উদ্যোক্তা, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা অংশ নেবেন। এছাড়া স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে পুরো মেলা প্রাঙ্গণ ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় থাকবে। চারদিনের এই আয়োজনে গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ইপসন, অনর, এইচপি, লেনোভো, অপো, স্যামসাং, টেকনো ও শাওমি। সিলভার স্পন্সর হিসেবে থাকছে এসার, গিগাবাইট, নেটিস, টিপি-লিংক ও ইউসিসি। এছাড়া স্টারলিংক পার্টনার হিসেবে থাকছে স্টারলিংক ফিলিসিটি আইডিসি।

নিজস্ব প্রতিবেদক