এবার আন্তর্জাতিক রুটেও নভোএয়ার
দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন শুরু করেছে। তিন বছর ধরে সংস্থাটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে।
আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নভোএয়ার সংস্থাটির আন্তর্জাতিক গন্তব্যের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী। এ সময় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটের চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোরে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। আগামীতে সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটেও ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা আছে সংস্থাটির।
অনুষ্ঠানে খোরশেদ আলম চৌধুরী বলেন, বিদেশের সঙ্গে যতবেশি যোগাযোগ বাড়বে ততই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্কও জোরদার হবে। নভোএয়ার ইয়াঙ্গুনে ফ্লাইট পরিচালনা করায়, তা মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন বিশেষ করে পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খোরশেদ আলম চৌধুরী আরো বলেন, ‘নভোএয়ার শতভাগ নিয়মকানুন মেনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। এ সময় যেভাবে সঠিক সময়ে ফ্লাইট পরিচালনা ও যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করেছে, সেই সাফল্য আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রেও ধরে রাখবে তারা।’
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘মিয়ানমার পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। দেশটিতে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আছে ঐতিহ্যবাহী ধর্মীয় উপাসনালয়, রয়েছে পুরোনো ঐতিহাসিক স্থাপনা। পর্যটকদের আকৃষ্ট করতে নভোএয়ার উভয় দেশেই দুই দেশের পর্যটন স্পটগুলোর বিভিন্ন দিক প্রচার করছে।’
মফিজুর রহমান আরো জানান, ২০১০ সাল থেকে মিয়ানমারে বিদেশি বিনিয়োগে শুরু হয়। তখন থেকে বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলো মিয়ানমারে তাদের ব্যবসার প্রসারে আকৃষ্ট হয়। বিশেষ করে তেল, গ্যাস, কয়লা, মূল্যবান পাথর, টেলিকম, পর্যটন খাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগ দিন দিন বাড়ছে।
ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা রুটে প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। সপ্তাহে শুক্রবার, রোববার ও মঙ্গলবার অত্যাধুনিক এমব্রেয়ার উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। টিকেটের সর্বনিম্ন মূল্য ২২ হাজার ২২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের পর্যটকদের সুবিধার জন্য ভিসা সাপোর্ট, হোটেল বুকিংসহ দুই রাত তিন দিনের এ প্যাকেজ জনপ্রতি সর্বনিম্ন ২৯ হাজার ৫২২ টাকায় ভ্রমণ প্যাকেজ তৈরি করেছে নভোএয়ার।

নিজস্ব সংবাদদাতা