ধানমন্ডিতে জুয়েলার্স দোকানে স্বর্ণালংকার চুরি, ৩ আসামি রিমান্ডে
রাজধানীর ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে প্রায় ৩৮ কোটি টাকার স্বর্ণালংকার ও হীরার গহনা চুরির মামলায় তিন আসামির চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক চারদিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক( এসআই) শরীফ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, গোলাম সরোয়ার (৫৮), মো. আমিনুর রহমান (৫৭) ও রিজওয়ানুল ইসলাম লাহিন (২৮)। শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত ১২টা ১০ মিনিটের দিকে ধানমন্ডি মডেল থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এজাহারে বলা হয়েছে, চোরেরা শোরুমের চেম্বারে রাখা বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও হীরার গয়না নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে দুই হাজার ৯৬০ গ্রাম স্বর্ণের নেকলেস, দুই হাজার ৩২০ গ্রাম কানের দুল, চার হাজার ৬৪০ গ্রাম স্বর্ণের চুড়ি ও হাতের বালা, দুই হাজার ৩২০ গ্রাম বেবি চেইন, এক হাজার ১৬০ গ্রাম হীরার নেকলেস, ৫৮০ গ্রাম হীরার কানের দুল, ৫৮০ গ্রাম হীরার নাকফুল এবং বিভিন্ন ধরনের আরও চার হাজার ৬৪০ গ্রাম স্বর্ণালংকার। সব মিলিয়ে ২৩ হাজার ২০০ গ্রাম স্বর্ণ ও হীরার গয়না চুরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এসব অলংকারের আনুমানিক মূল্য ৩৮ কোটি টাকা। এ ছাড়া শোরুমের কাঠের সেফেক্স ড্রয়ার খুলে নগদ ১০ লাখ টাকা নিয়ে যায় চোরেরা। সব মিলিয়ে চুরি হওয়া মালামাল ও নগদ টাকার পরিমাণ ৩৮ কোটি ১০ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করেছেন বাদী।
এজাহারে বলা হয়েছে, মার্কেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ২৮ নভেম্বর রাত আনুমানিক ১টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো একসময় চোরেরা পরস্পরের যোগসাজশে শোরুমে ঢুকে চুরি করে। এ ঘটনায় করা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। চুরির প্রকৃত রহস্য উদঘাটন, চুরি হওয়া স্বর্ণালংকার ও হীরার গয়না উদ্ধার এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা জানতে তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এ ঘটনায় ২৯ নভেম্বর ধানমন্ডি মডেল থানায় দণ্ডবিধির ৪৫৭, ৩৮০ ও ১০৯ ধারায় মামলা হয়েছে।

আদালত প্রতিবেদক