টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী
টিকটকের মাধ্যমে পরিচয়ের পর ভালোবাসার সম্পর্কে জড়িয়ে দূরত্ব জয় করলেন যশোরের শার্শা উপজেলার সোহাগ হোসেন ও মালয়েশিয়ার তরুণী নূর হায়াতি। ছয় মাসের সম্পর্কের পর ভালোবাসার মানুষের সঙ্গে সংসার পাততে বাংলাদেশে আসেন নূর হায়াতি; সঙ্গে নিয়ে আসেন তার মা-বাবাকেও। দুই পরিবারের সম্মতিতে আজ শনিবার (২৮ নভেম্বর) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
সোহাগ হোসেন যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জালাল হোসেনের ছেলে। দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় প্রবাসজীবন কাটিয়েছেন তিনি। সেখানে থাকতেই টিকটকের মাধ্যমে পরিচয় হয় মালয়েশিয়ার কুয়ালালামপুরের তরুণী নূর হায়াতির সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া সেই পরিচয় ধীরে ধীরে গড়ায় ভালোবাসায়।
সোহাগ জানান, প্রথমে টিকটকে পরিচয়, এরপর নিয়মিত কথোপকথন ও বন্ধুত্ব। একপর্যায়ে দুজনের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়। প্রায় ছয় মাসের এই সম্পর্কের মধ্যে তাদের পারস্পরিক বিশ্বাস ও আন্তরিকতা বাড়তে থাকে। পরে মুঠোফোন ও অন্তর্জালের পরিচয়কে বাস্তব জীবনের বন্ধনে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।
নূর হায়াতি বলেন, আমি একা আসিনি, সঙ্গে আমার মা-বাবাও এসেছেন। গত ১৮ নভেম্বর পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে আসি। এরপর শার্শার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে সোহাগের বাড়িতে আসি। দুই পরিবারের সম্মতিতে আজ আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
মালয়েশিয়ার নূর হায়াতি ও বাংলাদেশের সোহাগের এই বিয়েকে ঘিরে দুই পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। দুই দেশের ভিন্ন সংস্কৃতি ও হাজার মাইলের দূরত্ব পেরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা সম্পর্কের পরিণতি ঘটল বিয়ের মাধ্যমে।

মহসিন মিলন, বেনাপোল