দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : কর্নেল জগলুল আহসান
রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর। বিকেলের আলো তখন ধীরে ধীরে ম্লান হচ্ছে। চারপাশে জড়ো হয়েছেন জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের নেতা-কর্মী ও সমর্থকেরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত হয়েছে প্রতিবাদ সমাবেশ।
সমাবেশের মঞ্চ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আহ্বায়ক কর্নেল (অব.) জগলুল আহসান। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা এ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
২৭ নভেম্বর বিকেলে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরাম ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।
বক্তারা আরও বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরাম সরকারের পাশে থাকবে। তাদের ভাষ্য, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়ে তাদের মোকাবিলা করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মতিউর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন প্রিন্সিপাল মো. লিয়াকত আলী, অ্যাডভোকেট আলমগীর হোসেন, অনারারি ক্যাপ্টেন (অব.) দুলাল উদ্দীন এবং কাজী মাহবুবুল আলম নীলু।

এনটিভি অনলাইন ডেস্ক