তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে
দেশের সীমান্ত জেলা পঞ্চগড়ে দিন দিন হ্রাস পাচ্ছে তাপমাত্রার পারদ। উত্তরের হিমেল হাওয়া এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার কারণে শীতের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত হিমেল হাওয়া ও শিশিরবিন্দুর সাথে কখনও হালকা আবার কখনও ঘন কুয়াশায় ঢেকে যায় এলাকা। পরদিন বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মেলে। তবে শীতের তীব্রতা বৃদ্ধির কারণে সাধারণ ও খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। বিশেষ করে পাথর, চা শ্রমিক ও দিনমজুররা পড়েছেন সবচেয়ে বিপাকে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ দিন দিন আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়