পদ্মার ভাঙনে পাবনায় বিলীন ২ হাজার বিঘা জমি
পাবনা সদর উপজেলার পদ্মাতীরবর্তী বিস্তীর্ণ জনপদে ভয়াবহ রূপ নিয়েছে নদীভাঙন। নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ২ হাজার বিঘা ফসলি জমি, ফলদ বাগান, চারণভূমি ও বসতভিটা। কোনো কোনো পরিবার হারিয়েছে ১০ থেকে ৪০ বিঘা জমি। চলতি বছরেই অন্তত পাঁচটি পরিবারের বসতভিটা বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছেন প্রায় এক হাজার পরিবার।
ভাঁড়ারা ইউনিয়নের জোতকাকুরিয়া, খাসচর বলরামপুর ও বাদুরডেঙ্গিসহ দোগাছি ও চরতারাপুর ইউনিয়নের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে এই ভাঙন দেখা দিয়েছে। একসময় এসব এলাকায় মরিচ, পেঁয়াজ, লাউসহ বিভিন্ন সবজির ব্যাপক উৎপাদন হতো। ছিল গবাদিপশুর বিস্তীর্ণ চারণভূমি। জমির পাশাপাশি চারণভূমি হারিয়ে কৃষি ও প্রাণিসম্পদনির্ভর পরিবারগুলোও পড়েছে চরম সংকটে।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা শোনেন। ভাঁড়ারা ইউনিয়নের জোতকাকুরিয়া গ্রামের হাসেন আলি মৃধা, তার ছেলে মো. সেলিম মৃধা ও একই পরিবারের মো. আমজাদ হোসেন মৃধা তাদের কয়েক প্রজন্মের কৃষিজমি হারানোর ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। অন্যদিকে চরতারাপুর ইউনিয়নের আরিয়া গোহাইলবাড়ি গ্রামের মো. ইমান আলী মোল্লা ও মো. মান্নান মোল্লা তাদের বাবা মৃত ইব্রাহিম মোল্লার পরিবারের জমি ও জীবিকা হারানোর দুর্দশা জানান।
স্থানীয়দের অভিযোগ, পদ্মার দুই পাড়ের পাবনা, সুজানগর, কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার বিভিন্ন অংশে রাতের আঁধারে চায়নিজ ড্রেজার ও কাটার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তলদেশ ও পাড়ের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন তীব্র হচ্ছে বলে তাদের আশঙ্কা। অবৈধ বালু উত্তোলন বন্ধে সমন্বিত তদন্ত ও আইনগত ব্যবস্থা দাবি করেছেন তারা।
পাবনা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম বলেন, ভাঙনের বিস্তৃতি ও ভয়াবহতা বিবেচনায় স্বল্প পরিসরে জিওব্যাগ ফেলে স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন কারিগরি জরিপ, নদীর গতিপ্রকৃতি বিশ্লেষণ এবং বড় বরাদ্দে সমন্বিত নদীতীর সংরক্ষণ প্রকল্প।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় প্রকৃত ভুক্তভোগীদের তালিকা প্রস্তুত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি কৃষিজমি হারানো পরিবারগুলোর পাশে দাঁড়াতে কৃষি বিভাগ এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ও পাবনা পৌরসভার প্রশাসক মো. খায়রুল ইসলাম, এনডিসি সুবীর নন্দী সরকার নয়ন, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাফিজ, পাবনা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম এবং ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুলতান মাহমুদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)