দোকানের শাটার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে নিজ বাড়ির দোকানের শাটার গেট খোলার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাউসনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মোসা. মিলি খাতুন (৪৫) ও তার মেয়ে মোসা. লিমু খাতুন (১৭)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, অন্যান্য দিনের মতো সকালে মিলি খাতুন নিজ বাড়ির সামনে অবস্থিত দোকানের লোহার শাটার গেট খোলার সময় বিদ্যুতায়িত হয়ে পড়েন। মায়ের আর্তনাদ শুনে মেয়ে লিমু তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
ওসি মতিউর রহমান আরও বলেন, আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে মা ও মেয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ