চার দশকের গল্প, চামড়ার কারুকাজে নতুন প্রজন্মের স্বপ্ন চৌধুরী লেদার
একটি ছোট পারিবারিক উদ্যোগ থেকে চার দশকের পথচলা। সময়ের সঙ্গে বদলেছে ব্যবসার ধরন, এসেছে নতুন প্রজন্ম, যুক্ত হয়েছে আধুনিক নকশা ও উৎপাদনব্যবস্থা। তবে, চামড়ার প্রতি ভালোবাসা আর মানসম্মত পণ্য তৈরির লক্ষ্য আজও অটুট। এই গল্প ঢাকার চৌধুরী লেদার ক্রাফটের।
শুরুটা হয়েছিল পারিবারিক ব্যবসা হিসেবে। ১৯৮৩ সালে ইয়াহিয়া চৌধুরীর হাত ধরে ঘরোয়া পরিবেশে যে উদ্যোগের পথচলা, চার দশকের বেশি সময় পর সেটিই এখন দ্বিতীয় প্রজন্মের নেতৃত্বে নতুন সম্ভাবনার দিকে এগোচ্ছে।
সময়ের সঙ্গে সেই উদ্যোগে যুক্ত হয়েছে নতুন চিন্তা, আধুনিক নকশা এবং ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য তৈরির সক্ষমতা। বর্তমানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন ইয়াহিয়া চৌধুরীর ছেলে তামিম চৌধুরী। তিনি জানান, বাবার গড়ে তোলা অভিজ্ঞতার ভান্ডারকে ভিত্তি করে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ক্রেতার চাহিদা বুঝে সেই অনুযায়ী পণ্য তৈরি করার পাশাপাশি ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলাই তাদের লক্ষ্য।
জানা গেছে, বর্তমানে দেশের অন্যতম পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের জন্য পণ্য তৈরির অভিজ্ঞতা রয়েছে। প্রথমে ওর্ডারকারীর চাহিদা অনুযায়ী তৈরি নমুনা দেখে ক্রেতা অনুমোদন দিলে নির্ধারিত নকশা ও বৈশিষ্ট্য অনুযায়ী শুরু হয় মূল উৎপাদন। অর্থাৎ, বিভিন্ন প্রতিষ্ঠান চাইলে নিজেদের লোগো, রং ও ব্র্যান্ড পরিচয় অনুযায়ী পণ্য তৈরি করাতে পারে। ফলে একটি সাধারণ ওয়ালেট বা বেল্টও হয়ে উঠতে পারে কোনো প্রতিষ্ঠানের বিশেষ উপহার কিংবা ব্র্যান্ডিংয়ের অংশ। এরইমধ্যে চৌধুরী লেদার ক্রাফট দেশের সনামধন্য চামড়ার শিল্পপ্রতিষ্ঠানের জন্য ওর্ডার পেয়ে তৈরি পণ্য সরবরাহ করেছে এবং করছে বলেও জানা গেছে।
প্রতিষ্ঠানটির ব্যবসার ধরন মূলত বিজনেস টু বিজনেস। অর্থাৎ সাধারণ ক্রেতার কাছে সরাসরি পণ্য বিক্রির পরিবর্তে বিভিন্ন ব্র্যান্ড, পাইকার, খুচরা বিক্রেতা ও করপোরেট প্রতিষ্ঠানের জন্য পণ্য তৈরি ও সরবরাহ করে তারা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, চৌধুরী লেদারের কাজের মূল জায়গা চামড়াজাত পণ্য। বেল্ট ও ওয়ালেট তাদের প্রধান পণ্য হলেও কাজের পরিধি এখন আরও বিস্তৃত। তাদের এখানে তৈরি হচ্ছে কি-রিং, কি-কেসসহ নানা ধরনের ছোট চামড়াজাত অনুষঙ্গ। প্রতিটি পণ্যের পেছনে রয়েছে নিত্যনতুন নকশার ভাবনা। যে ভাবনাকে কাজে লাগিয়ে ক্রেতার পছন্দ অনুসারে চৌধুরী লেদার তৈরি করছে নতুন-নতুন পণ্য। আর বিভিন্ন আকার-আকৃতির পণ্যে ছড়ানো হচ্ছে আকর্ষনীয় রং-লোগো, এমনকি প্যাকেজিংও প্রাধান্য পাচ্ছে ক্রেতার চাহিদা অনুযায়ী। এক্ষেত্রে খেয়াল রাখা হয়, চামড়ার মান, কাটিং, সেলাই, বাকল সংযোজন এবং ফিনিশিংয়ের দিকে। কারণ, এসবই একটি বেল্ট বা ওয়ালেটের সৌন্দর্য ও টেকসই বাড়িয়ে তোলে।
ইয়াহিয়া চৌধুরীর হাত ধরে শুরু হওয়া পথচলায় এখন যুক্ত হয়েছে নতুন সময়ের চাহিদা ও সম্ভাবনা। যোগ হয়েছে ডিজিটাল যোগাযোগের মাধ্যমে। রয়েছে নিজস্ব ওয়েবসাইট ও অনলাইন পণ্যসংগ্রহের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের কাছে নিজেদের পণ্য ও উৎপাদনসেবা। এতে দেশের বাইরের ক্রেতাদের কাছেও প্রতিষ্ঠানটির সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক