দেশব্যাপী রেলপথ প্রসারের উদ্যোগ রয়েছে সরকারের : রেলপথমন্ত্রী
দেশব্যাপী রেলপথ প্রসার, ব্যবস্থাপনার ও রেলযাত্রার মান উন্নয়নের জন্য বর্তমান সরকারের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-পাবনা রুটে ট্রেন চলাচল উদ্বোধনকালে পাবনা রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এ বলেন।
এ সময় ফিতা কেটে প্রথমবারের মতো ঢাকা-পাবনা রুটে ট্রেন চলাচল উদ্বোধন করেন রেলপথমন্ত্রী। বিকেল ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকামুখী পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।
শেখ রবিউল আলম বলেন, পাবনাবাসীর জন্য নিশ্চিত এটা আনন্দঘন মুহূর্ত। অল্প সময়ে এটা নিরাপদ যাত্রা হবে। এটা সরকারের অঙ্গীকার, এই অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তারাও জনগণ যে আস্থা রেখেছিল তার মর্যাদা রাখল।
মন্ত্রী বলেন, আমরা অঙ্গীকার করতে চাই। বাংলাদেশের রেলের মান, তার সার্ভিস এবং তার যাত্রা আগামীতে আরও নিরাপদ হবে ইনশাআল্লাহ।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা তুলতানা রুমা ও রেলসচিব ফাহিমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় ৮০ বছর অপেক্ষার পর শেষ পর্যন্ত পাবনাবাসীর প্রাণের দাবি পূরণ হলো। পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল শুরু হলো। আজ রেল উদ্বোধন উপলক্ষে বিকেলে ৫টায় ছেড়ে গেলেও আগামীকাল ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টায় ছেড়ে যাবে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা