স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানালেন নুসরাত তাবাসসুম
কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি প্রশ্ন তুলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যার আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই ক্ষোভ ও প্রশ্ন তুলে ধরেন নুসরাত তাবাসসুম। এর আগে আজ জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের করা এক প্রশ্নের জবাবে এ বিষয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সংসদে নাহিদ ইসলামের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বাড়িটিতে দুর্ঘটনাবশত আগুন লেগেছে, নাকি কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে। ঘটনাস্থলে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল এবং বৈদ্যুতিক তার পুরোনো হওয়ায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, “বাচ্চাসহ ৬–৭ জন মানুষ এবং একাধিক গবাদিপশুর বসবাস থাকা একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী! পেট্রলের পোড়া গন্ধে ভরা একটি ধ্বংসস্তূপকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল! আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারও বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে। সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েক গুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।”
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা তার বাড়িতে এই হামলা চালিয়েছেন—নিজের এমন বিশ্বাসের কথা উল্লেখ করে নুসরাত আরও লেখেন, “সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন? আমার ৭ জন ঘুমিয়ে থাকা বাড়ি যদি পরিত্যক্ত হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ, ফার্মগেটের বাস কিংবা কমলাপুরের রেলস্টেশনও কি পরিত্যক্ত?”

নিজস্ব প্রতিবেদক