শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা সেই জিয়া পরিষদনেতা বহিষ্কার
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করায় জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সদস্য সচিব মারুফ হাসানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল রোববার জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আমিনুল রহমান বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদি বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে অধ্যাপক আমিনুর রহমান বকুল তার ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৭ নভেম্বর জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মারুফ হাসান তার বক্তব্যে সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন করেন। এতে উপস্থিত সবাই প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং অসন্তোষ প্রকাশ করেন। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যা জেলা জিয়া পরিষদের দৃষ্টিগোচর হয়।
মারুফ হাসানের বক্তব্যে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের শৃঙ্খলা পরিপন্থি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে তাকে জিয়া পরিষদের সব পদ থেকে স্থায়ী ভাবে অব্যাহতি দেওয়া হলো।
বহিষ্কারের চিঠি পাওয়ার কথা স্বীকার করে মারুফ হাসান বলেন, ‘আমি আগাগোড়াই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে অসুস্থতার কারণে মাঝখানে কিছু দিন নিষ্ক্রিয় ছিলাম। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দেওয়ার সময় আমার কিছু শব্দ চয়ন ভুল হয়েছিল। আমি কখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।’
উল্লেখ্য, ওই আলোচনা সভার ব্যানারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং সভায় শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধনের সময় জেলা প্রশাসক (ডিসি) মো. আল মামুন মিয়া নীরব ছিলেন—এমন অভিযোগ এনে ওই দিন সন্ধ্যায় ডিসিকে প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয় জেলা ছাত্রদল।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট