তিনি কখনোই আসবেন না, এটা পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদনের খবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আমি আজকেই বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি তিনি (শেখ হাসিনা) পাসপোর্টের জন্য আবেদন করেছেন। আমার মনে হচ্ছে তিনি শুরু থেকেই যেসব কর্মকাণ্ড করছেন; সেগুলো পলিটিক্যাল স্ট্যান্টবাজি। আমি আগামীকাল ১২টায় আনুষ্ঠানিকভাবে আইনগত অবস্থানটা কি, সেটা ব্যাখ্যা করব।
নয়াদিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসে আজ সোমবার (৯ নভেম্বর) করা আবেদনের একটি চিঠির কথা উল্লেখ করে সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, ২০২৪ সালে দেশ ত্যাগ করার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। এই ঘটনার পরেপ্রেক্ষিতে নিজ কার্যালয়ে আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, আপনাদের কাছে আমি এইটুকু বলতে পারি, তিনি (শেখ হাসিনা) কখনোই আসবেন না। তিনি আসবেন না বলেই এইসব পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করছেন।
এর আগে সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা সাধারণ কোনো পর্যটক নন। তাকে পাসপোর্টের মাধ্যমে নয়, বন্দিবিনিময়ের চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। ল ফার্ম দিয়ে যে কেউই নোটিশ দিতে পারে। শেখ হাসিনার অপরাধের যথেষ্ট প্রমাণ আছে। বিচার হয়েছে, তাকে প্রত্যর্পণ করতে হবে।
এদিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স।

নিজস্ব প্রতিবেদক