ব্রিজের ওপর পরিত্যক্ত স্কুল ব্যাগে বোমা সদৃশ বস্তু উদ্ধার
ফরিদপুর শহরের আলীপুর ব্রিজের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কুল ব্যাগের ভেতর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে সেনাবাহিনীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এই রহস্যময় বস্তুটি উদ্ধার করে।
জানা যায়, ব্রিজের রেলিংয়ের ওপর একটি বেওয়ারিশ স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা সেনাবাহিনীকে খবর দিলে বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। ব্যাগের ভেতর থেকে ব্যাটারি যুক্ত বোমা সদৃশ ওই বস্তুটি উদ্ধার করা হয়। বর্তমানে জননিরাপত্তার স্বার্থে বস্তুটি শহরের বিসর্জন ঘাট এলাকায় নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং সেখানে এটি নিষ্ক্রিয় করার প্রস্তুতি চলছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমীর হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। ব্যাটারি যুক্ত বোমা সদৃশ বস্তুটি যেন কোন দুর্ঘটনা না ঘটায়, সেজন্য সেটিকে বিসর্জন ঘাট এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ খবর পাওয়ার পর থেকেই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর