রাজধানীতে বাসে আগুন
রাজধানীর নতুন বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : এনটিভি
রাজধানীতে বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি সাভার-নতুন বাজার রুটে চলাচল করত।
নতুন বাজার এলাকায় যাত্রী নামানোর কিছু সময় পর বাসটিতে হঠাৎ আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানাতে পারেননি পরিবহণ কোম্পানির কর্মকর্তারা।
পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, শুক্রবার সন্ধ্যায় বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

নিজস্ব প্রতিবেদক