কাজে ফিরেছেন গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা
গাজীপুর শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে গত সপ্তাহজুড়ে চলা আন্দোলন ও চরম অসন্তোষের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে এলাকার সার্বিক অবস্থা শান্ত রয়েছে এবং অধিকাংশ কারখানায় পুনরায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে সার্বিক নিরাপত্তার স্বার্থে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করতে দেখা গেছে। সকাল থেকে কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ডসহ সংবেদনশীল এলাকাগুলোতে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। গত কয়েক দিনের উত্তপ্ত পরিস্থিতির তুলনায় সকাল থেকে মহাসড়ক ও তৈরি পোশাক কারখানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন। গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে জেলায় ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি এবং ৫ প্লাটুন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। পরিবেশ অনুকূলে থাকায় কারখানাগুলো দ্রুত চালু করার নির্দেশনা দেওয়া হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নাসির আহমেদ, গাজীপুর