রাজধানীতে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ভুক্তভোগী উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় হানি ট্র্যাপের মাধ্যমে এক ব্যক্তিকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ। এ সময় ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে মো. সোহানকে (২১) গ্রেপ্তার করে কামরাঙ্গীরচর থানার পুলিশ। পরে ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, মামলার অপর আসামি কৌশিক আহমেদ মন্টুর বাসা থেকে তার স্ত্রী নার্গিস আক্তারকে নারী পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। আজ ডিএমপি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুজন অজ্ঞাতনামা নারী বাসা পরিবর্তনের কথা বলে আসবাবপত্র সরানোর সহায়তা চাইলে ভুক্তভোগী মো. সামিউল ইসলাম (২৮) এগিয়ে যান। পরে কৌশলে তাকে কৌশিক আহমেদ মন্টুর বাসায় নিয়ে আটকে রেখে ছবি ও ভিডিও ধারণ করা হয়। এসব ছবি ও ভিডিও স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে তার কাছে ৩৫ হাজার টাকা দাবি করা হয়। এ সময় তাকে মারধর করে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বাধ্য করা হয়।
ভুক্তভোগীর বড় ভাই থানায় বিষয়টি জানালে কামরাঙ্গীরচর থানার পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে। পরে ভুক্তভোগীকে উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক