হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ধার্য
২০১৬ সালে গাজীপুরের জয়দেবপুরে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের সাবেক দুই মহাপরিদর্শকসহ (আইজিপি) ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য ১৭ নভেম্বর দিন রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
ওইদিন নিহত সাতজনের একজন ছিলেন ইবরাহীম। তিনি যাত্রাবাড়ীর একটি মাদরাসায় লেখাপড়া করতেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ইবরাহীমের বাবা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ছেলেকে বিচারবহির্ভূতভাবে গুমসহ হত্যার অভিযোগ দায়ের করেন।
আসামিরা হলেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম, সাবেক এসপি আসাদুজ্জামান, তৎকালীন গাজীপুরের এসপি হারুন অর রশীদ, আরিফুর রহমান মন্ডল ও এস এম জাহাঙ্গীর হাছান।
বর্তমানে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন শহীদুল হক ও আছাদুজ্জামান মিয়া।

নিজস্ব প্রতিবেদক