সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ দুজন রিমান্ড শেষে কারাগারে
রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে জিহাদ হোসেন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ( ২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আজ তিন দিনের রিমান্ড শেষে আসামিদের হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো উত্তর বিভাগের পরিদর্শক ফরিদ উদ্দিন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাদের তিন দিন রিমান্ডে পাঠানো হয়। এরপরে আজ রিমান্ড শেষে হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
নথি থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে আন্দোলনে অংশ নেন জিহাদ হোসেন। এ সময় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা নুরুল আমিন মোল্লা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

আদালত প্রতিবেদক