‘১০ বিয়ে করলেও হৃদয়কেই চাই’, প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন
‘হৃদয়কে না পেলে আমি বেঁচে থাকব না, এই ঘরেই বিষ খেয়ে আত্মহত্যা করব!’—এমন তীব্র ভালোবাসার আকুতি ও আত্মহত্যার হুমকি দিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে ১৬ বছর বয়সী এক কিশোরী।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর থেকে জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের থুরী টনকীপাড়া এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। খবরটি ছড়িয়ে পড়লে স্থানটিতে উৎসুক জনতা ও কৌতূহলী প্রতিবেশীদের উপচে পড়া ভিড় জমে।
অনশনরত কিশোরী দশম শ্রেণির শিক্ষার্থী। প্রেমিক ফেরদৌস হাসান হৃদয় (২১) একই এলাকার ছেলে। পড়ালেখার পাশাপাশি তিনি স্থানীয় বাজারে কাঁচামালের ব্যবসা করেন।
কিশোরীর দাবি, গত প্রায় পাঁচ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে, যা উভয় পরিবার ও এলাকার মানুষ ভালোভাবে জানেন। কিন্তু সম্প্রতি হৃদয়ের পরিবার গোপনে তাকে অন্যত্র বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জানতে পেরে বাধ্য হয়ে কিশোরী প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। বাড়িতে প্রবেশের সময় তার হাতে বিষের বোতল ছিল, তবে হৃদয়ের সৎমা কৌশলে সেটি কেড়ে নেন বলে জানায় মীম।
আবেগাপ্লুত কণ্ঠে কিশোরী বলে, ‘বিয়ে না হলে আমি আর সমাজে কাউকে মুখ দেখাতে পারব না। হৃদয় ১০টা বিয়ে করলেও আমাকেই তার বিয়ে করতে হবে, নয়তো তার ঘরেই আমার প্রাণ যাবে।’ এদিকে, অনশনের পর থেকে অভিযুক্ত হৃদয় ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে গিয়ে গা-ঢাকা দিয়েছেন। তাদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা মিশু ও মমিন জানান, কিশোরী ও হৃদয় পাশাপাশি বাড়ির এবং একই বংশের সদস্য। উদ্ভূত অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সামাজিক ও আইনিভাবে বিষয়টি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, পুলিশ একটি লিখিত অভিযোগ পেয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)