দেশি মাছের সংকটে পাবনায় শুঁটকি উৎপাদনে ধস
পাবনার ভাঙ্গুড়ায় দেশি মাছের সংকটে শুঁটকি উৎপাদনে ধস নেমেছে। একসময় বর্ষা শেষে উপজেলার শুঁটকি চাতালগুলোতে ব্যস্ততা বাড়লেও এখন অধিকাংশ চাতাল বন্ধ। চালু থাকা একমাত্র চাতালেও চলছে সীমিত পরিসরে উৎপাদন। এতে কাজ হারাচ্ছেন শ্রমিকেরা, লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা।
সম্প্রতি উপজেলার কলকতি এলাকার একটি শুঁটকি চাতালে গিয়ে দেখা যায়, অল্প পরিমাণ মাছ শুকানোর কাজ করছেন শ্রমিকেরা। মাছের অভাবে নিয়মিত কাজ না থাকায় সংসার চালাতে কষ্ট হচ্ছে তাদের।
শুঁটকি ব্যবসায়ী রইচ উদ্দিন বলেন, আগে নিয়মিত মাছ পাওয়া গেলেও চলতি মৌসুমে অনেক ব্যবসায়ী টানা দুই সপ্তাহেও মাছ পাননি। ফলে বাধ্য হয়ে অনেকে চাতাল বন্ধ রেখেছেন। অপরিকল্পিত পুকুর খনন, অবৈধ জাল ব্যবহার ও নির্বিচারে মাছ শিকারকে এর অন্যতম কারণ বলে মনে করছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা বলেন, একসময় চলনবিলসহ ভাঙ্গুড়ার বিভিন্ন বিল দেশি মাছে ভরপুর থাকত। নদী ও খাল দিয়ে মাছ বিভিন্ন জলাশয়ে চলাচল করত। এসব মাছের বড় একটি অংশ শুঁটকি তৈরির কাজে ব্যবহার হতো। স্থানীয়দের দাবি, ভাঙ্গুড়ার শুঁটকি দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশের অন্তত ২০টি দেশেও রপ্তানি হতো।
শুঁটকি চাতালের শ্রমিক আসমা খাতুন বলেন, আগে চাতালে কাজের অভাব ছিল না। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হতো। এখন মাছ না থাকায় অধিকাংশ দিন কাজই থাকে না। সংসার চালানো কষ্ট হয়ে গেছে।
কলকতি এলাকার শুঁটকি চাতালের মালিক মো. দুলাল হোসেন বলেন, দিলপাশার, পুইবিল, আদাবাড়িয়া, বাঁশবাড়িয়া ও দত্তখারুয়া বিলে একসময় প্রচুর দেশি মাছ পাওয়া যেত। এখন চায়না দুয়ারি জালে মা মাছসহ ছোট-বড় মাছ ধরা পড়ছে। এতে মাছের প্রজনন ও উৎপাদন কমে গেছে। পর্যাপ্ত মাছ না পাওয়ায় শুঁটকি উৎপাদন ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা বলেন, চায়না দুয়ারিসহ নিষিদ্ধ জালের ব্যবহার এবং বৃষ্টি কম হওয়ায় জলাশয়ে পানি ও মাছের পরিমাণ কমেছে। অন্যান্য বছর উপজেলায় তিনটি শুঁটকি চাতাল থাকলেও এবার চালু রয়েছে মাত্র একটি। গত বছর ৭ টন শুঁটকি উৎপাদন হয়েছিল। এ বছর ৪ থেকে ৫ টন উৎপাদন করাও কঠিন হতে পারে।
মৎস্য কর্মকর্তা আরও বলেন, চলতি বছর নিষিদ্ধ জালের বিরুদ্ধে ১৬টি অভিযান চালিয়ে ৭০৩টি চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়েছে। দেশি মাছের উৎপাদন বাড়াতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ, জলাশয়ের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং সচেতনতা বাড়ানো জরুরি।

আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)