বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, যুবক গ্রেপ্তার
আব্দুর রহমান ওরফে সম্রাট।
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দিয়ে অবমাননার ঘটনায় আব্দুর রহমান ওরফে সম্রাট নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে শহরের কাঞ্চননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর থানা-পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর ছবি ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।
গ্রেপ্তার আব্দুর রহমান ওরফে সম্রাট ঝিনাইদহ পৌর শহরের কাঞ্চননগর এলকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ঘটনার পর আসামি ধরতে অভিযান পরিচালিত হয়ে আসছিল। রাত সাড়ে আটটার দিকে শহরের কাঞ্চননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)