শিশু শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে
শিশু শিক্ষার্থীদের মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ইতোমধ্যে মারধর এবং নির্যাতনের একাধিক ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
মাদ্রাসাটি হলো লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ‘মাদ্রাসায়ে বাবুত তাকওয়া’।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাবিব উল্যাহ নিয়মিতই শিশুদের এলোপাতাড়ি মারধর এবং নির্যাতন করছেন বলে অভিযোগ করেছেন একাধিক অভিভাবক।
সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়- দরজা বন্ধ করে শিশু শিক্ষার্থী আদনানকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় দিচ্ছেন, মাথায় আঘাত করছেন। স্কেল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করছেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, এক শিশুকে দেওয়ালের সঙ্গে নিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করছেন। এ ছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করছেন।
এ বিষয়ে কথা বলার জন্য ওই মাদ্রাসায় গিয়ে প্রধান শিক্ষক হাবিব উল্যাহকে পাওয়া যায়নি। তাকে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষকের পক্ষে ক্ষমা চান।
এ দিকে শিশু আদনানের মা-বাবাসহ একাধিক অভিভাবক তাদের সন্তানকে নির্মম নির্যাতনের শাস্তি দাবি করেছেন।
২০২৫ সালে রামগতি পৌরসভার ৬নং ওয়ার্ডে একটি ভবনের দোতলা ভাড়া নিয়ে মাদ্রাসাটি স্থাপন করেন ওই প্রধান শিক্ষক। শিশু শ্রেণি থেকে তৃতীয় জামাত পর্যন্ত প্রায় দেড় শতাধিক শিশু অধ্যয়ন করছে বলে জানা যায়। হাবিব উল্যাহ ইসলামি আন্দোলন রামগতি পৌরসভা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আরিফিন আসিফ, লক্ষ্মীপুর (কমলনগর-রামগতি)