ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন, অর্থদণ্ড ১০ হাজার
পাবনার ঈশ্বরদীতে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। অর্থদন্ড অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ সোমবার (৫ অক্টোবর) জেলা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডাদেশপ্রাপ্ত মো. মিজানুর রহমান উপজেলার চরকুড়ুলিয়া (আলহাজমোড়) এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. কাসেম প্রামাণিক।
মামলার নথি থেকে জানা যায়, ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ঈশ্বরদী থানায় জিআর মামলা নম্বর-১০৯/১৩ করা হয়। পরে মামলাটি এসসি-১৯৩/১৫ হিসেবে আদালতে বিচারাধীন ছিল। মামলার নম্বর-২২ এবং তারিখ ২ মার্চ ২০১৩। মামলাটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৩(খ) ধারায় করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি মো. মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও কারাদণ্ড ভোগ করতে হবে। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু।

এ বি এম ফজলুর রহমান, পাবনা