নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত
নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মণ ওরফে হীরেন (৪৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পরেশ চন্দ্র বর্মণ (৫৮) নামের ভ্যানের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মহাদেবপুর উপজেলার নওগাঁ-নজিপুর আঞ্চলিক সড়কে সোমবার (৫ অক্টোবর) সকালে এনায়েতপুর গ্রামের মদিনা পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নীরেন চন্দ্র বর্মণ মহাদেবপুর উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মণের ছেলে। আহত যাত্রী পরেশ চন্দ্র বর্মণ একই গ্রামের মৃত অধীর চন্দ্র বর্মণের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে হীরেন চন্দ্র বর্মণ ভ্যানে করে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় নজিপুরের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীরেন চন্দ্র বর্মণকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পরেশ চন্দ্র বর্মণকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সটি দ্রুতগতিতে পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ