আলোকচিত্রের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণের বার্তা
একটি পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ছে তার উড়াল, রঙ, চোখের দৃষ্টি কিংবা নীড়ে ফেরার মুহূর্ত। সেই ছবি হয়তো কয়েক সেকেন্ডের একটি দৃশ্যকে ধরে রাখে, কিন্তু তার গল্প অনেক দীর্ঘ—প্রকৃতি, জীববৈচিত্র্য আর টিকে থাকার গল্প।
পাখির এমন গল্পকে আলোকচিত্রের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাপচারিং উইংস: ইন্ট্রোডাকশন টু বার্ড ফটোগ্রাফি অ্যান্ড কনজারভেশন ওয়ার্কশপ’ শীর্ষক বিশেষ কর্মশালা। গতকাল শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে এনভায়রনমেন্টাল ফটোগ্রাফিক সোসাইটির (ইপিএস) উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন ৩৫ জন আলোকচিত্রী ও আলোকচিত্রে আগ্রহী ব্যক্তি।
শুধু ভালো ছবি তোলার কৌশল নয়, পাখিকে জানা, তার আচরণ বোঝা এবং প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক উপলব্ধি করাই ছিল কর্মশালার অন্যতম উদ্দেশ্য।
ইপিএসের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ সুমনের সঞ্চালনায় কর্মশালার সূচনা বক্তব্য দেন সংগঠনের সভাপতি কাউসার হাবিব সোমেল। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন আলোকচিত্রী মনিরুল ইসলাম।
কর্মশালায় পাখি আলোকচিত্রের প্রাথমিক ধারণা থেকে শুরু করে ছবি ধারণের কৌশল, পাখির আচরণ পর্যবেক্ষণ, আলো ও পরিবেশের যথাযথ ব্যবহার এবং মাঠপর্যায়ে ছবি তোলার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পাখির আবাসস্থল, জীববৈচিত্র্য এবং প্রকৃতি সংরক্ষণের সঙ্গে আলোকচিত্রের সম্পর্ক নিয়েও দেওয়া হয় প্রয়োজনীয় দিকনির্দেশনা।
পাখির স্বাভাবিক আচরণ ও জীবনযাত্রায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে আলোকচিত্রীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাখির খুব কাছে গিয়ে ছবি তোলা, বাসা বা প্রজননস্থলে অযথা হস্তক্ষেপ কিংবা কাঙ্ক্ষিত ছবি পাওয়ার জন্য পরিবেশের ওপর চাপ সৃষ্টি না করার ওপর গুরুত্ব দেন বক্তারা।
কারণ, একটি ভালো ছবি কখনোই একটি পাখির নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না।
বক্তারা বলেন, প্রকৃতির সৌন্দর্য শুধু দেখার বা ক্যামেরায় ধরে রাখার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে জীববৈচিত্র্যের ভারসাম্য এবং পরিবেশের ভবিষ্যৎ। তাই আলোকচিত্র হতে পারে সেই গল্প বলার একটি শক্তিশালী মাধ্যম; যে গল্প মানুষকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যায়, সচেতন করে এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সাহায্য করে।
কর্মশালার শেষ পর্বেও ছিল সেই বার্তারই প্রতিফলন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) সাবেক সভাপতি আশফাক আহমেদ। পরে তারা কর্মশালায় অংশ নেওয়া আলোকচিত্রী ও শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
একটি ক্যামেরা হয়তো শুধু একটি মুহূর্তকে বন্দি করে, কিন্তু সেই মুহূর্তের ছবিই কখনো কখনো মানুষকে ভাবতে শেখায় পাখিটি কোথায় বাস করে, তার আবাসস্থল কতটা নিরাপদ, আর আমাদের চারপাশের প্রকৃতি আগামী দিনেও কি এমনই থাকবে?

এনটিভি অনলাইন ডেস্ক