ময়মনসিংহে বাসচাপায় সাতজন নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চারজনসহ মোট সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অজ্ঞাতনামা চালককে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার (২ অক্টোবর) জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের মো. মোবারক আলী বাদী হয়ে মামলাটি করেন। রাত ১২টার পর পুলিশ লিখিত অভিযোগটি মামলা হিসেবে রুজু করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীতে ঢাকা থেকে জামালপুরগামী ‘রাজীব পরিবহন’-এর একটি দ্রুতগতির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার সাত আরোহী মারা যান।
নিহতরা সকলেই জামালপুর জেলার বাসিন্দা। এর মধ্যে একই পরিবারের চারজন হলেন—দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তাঁর ছেলে মোফাজ্জল হোসেন (৫০), নাতনি মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার পাঁচ বছর বয়সী ছেলে মিনান। নিহত অন্য তিনজন হলেন অটোরিকশাচালক মো. সুজন আলী (৪৪), বাদেচান্দি গ্রামের আকরাম আলী ও তাঁর স্ত্রী মমতা বেগম।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিপন সরকার বলেন, শুক্রবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শনিবার সকালে নিজ নিজ গ্রামে জানাজা শেষে তাঁদের দাফন সম্পন্ন হয়।
এক পরিবারেই চার প্রজন্মের ৪ জনের প্রস্থান, স্বজনদের মাতম
পেশায় রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন স্ত্রী-সন্তান নিয়ে গাজীপুরের হোতাপাড়ায় থাকতেন। মা রাশিদা বেগম, অন্তঃসত্ত্বা মেয়ে মর্জিনা ও নাতিকে গাজীপুর নিয়ে যাওয়ার জন্য তিনি বাড়ি এসেছিলেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নান্দিনা থেকে অটোরিকশায় করে ময়মনসিংহ বাসস্ট্যান্ডে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
স্বজনহারা মোবারক আলী শোকাহত কণ্ঠে বলেন, আমার মা, ভাই, ভাতিজি ও নাতি একসঙ্গেই চলে গেল। আমাদের চার প্রজন্মের চারজন মানুষ এক মুহূর্তেই শেষ হয়ে গেল।
রাজীব পরিবহনের ‘গায়েবানা জানাজা’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা-জামালপুর রুটে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য রাজীব পরিবহন কুখ্যাত। মর্মান্তিক এই দুর্ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ১০টার দিকে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় স্থানীয় বাসিন্দারা রাজীব পরিবহনের গায়েবানা জানাজা ও প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
এর আগে ধারাবাহিক সড়ক দুর্ঘটনার কারণে রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে চলতি মাসের শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছিলেন সাধারণ শিক্ষার্থীরা।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার পরপরই বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। মামলা দায়ের করা হয়েছে। চালককে দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)