বাংলামোটরে যুবকের মাথায় আঘাত ও ফাঁকা গুলি : ৪ জন রিমান্ডে
রাজধানীর বাংলামোটরে এক যুবকের মাথায় আঘাত ও তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় গ্রেপ্তার চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে মামলার প্রধান আসামি ফেরদৌস আহমেদ সাইমনের চার দিন এবং ওমর (৩২), মোর্শেদ (২৫) ও মো. শাওনের (২৫) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর) আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৃহস্পতিবার নিউ ইস্কাটন এলাকায় বাদী মো. সোহানের কাছে চাঁদা দাবি করেন প্রধান আসামি ফেরদৌস আহমেদ সাইমন। সোহান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামি সাইমন পিস্তল তাক করেন ও বাট দিয়ে বাদীকে আঘাত করেন। সোহান ফার্মেসিতে চিকিৎসা নিতে যাওয়ার পথে আসামিরা পুনরায় হামলা চালিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
এ সময় স্থানীয়রা ধাওয়া করে সাইমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় সোহান বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)