‘হানি ট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে ৪ নারী গ্রেপ্তার
চাঁদপুর শহরে ‘হানি ট্র্যাপ’ ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলাম নামে এক ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী সাইফুল ইসলামের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে চাঁদপুর শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে বাদীকে পুলিশ পরিচয়ে পথরোধ করেন দুই ব্যক্তি। পরে তাকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করে জোরপূর্বক এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে তাকে ২০ হাজার টাকা দিতে বাধ্য করা হয়। পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আট হাজার টাকা এবং তার সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকা নিয়ে নেয় চক্রটি। এরপর কৌশলে স্বজনদের মোবাইল ফোনে বিষয়টি জানান তিনি। স্বজনরা পুলিশকে বিষয়টি জানায়।
এরপর ঘটনাস্থলে অভিযান চালিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার এবং চার নারীকে আটক করে। এ সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।
সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। গ্রেপ্তার নারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শরীফুল ইসলাম, চাঁদপুর