কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কুমিল্লার পরিচালক প্রফেসর মোহাম্মদ শহীদ উল্লা মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন।
কলেজের ক্রীড়া শিক্ষক জিএম ফারুক বাবলু বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনে আয়োজিত এই টুর্নামেন্টে স্কুল ও কলেজ শাখার দুটি করে মোট চারটি দল অংশগ্রহণ করছে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলা শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কুমিল্লার পরিচালক প্রফেসর মোহাম্মদ শহীদ উল্লা মজুমদার বলেন, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কিশোর গ্যাংয়ের মতো অপতৎপরতা থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত প্রচেষ্টায় তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী করে সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ উপহার দেওয়া সম্ভব।

মাহফুজ নান্টু, কুমিল্লা