কলাগাছের ভেলাবাইচ দেখতে উপচেপড়া ভিড়
নৌকাবাইচের প্রচলন থাকলেও কলাগাছের ভেলায় চড়ে বাইচ সচরাচর চোখে পড়ে না। সম্প্রতি এমনই এক ব্যতিক্রমী ও আনন্দদায়ক আয়োজনের সাক্ষী হয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বড়ুরিয়া খাল।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখতে খালের দুই পাড়ে উপচেপড়া ভিড় জমেছিল। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধসহ সব বয়সের হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
চড়াইকোল হয়তাপাড়া যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী আকর্ষণীয় এই কলাগাছের ভেলাবাইচ অনুষ্ঠিত হয়। তারা জানায়, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং মানুষকে সুস্থ বিনোদন দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়, যার প্রতিটিতে চারজন করে মাঝি ছিলেন।
শনিবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ‘ঝঙ্কার এক্সপ্রেস’ ও ‘তামিম ডেকোরেটর’ মুখোমুখি হয়। শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঝঙ্কার এক্সপ্রেস। এছাড়া ‘গ্রাম বাংলা এক্সপ্রেস’ তৃতীয় ও ‘ভাই ভাই এক্সপ্রেস’ চতুর্থ স্থান অধিকার করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে একটি বড় ছাগল ও রানার্স আপ দলকে একটি ছোট ছাগল পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দুই দলকে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি করে দেশি মোরগ দেওয়া হয়।
খেলা দেখতে আসা সেলিনা বেগম বলেন, আগে নৌকাবাইচ দেখেছি, কিন্তু কখনও এমন ভেলাবাইচ দেখিনি। আজ এসে খুব ভালো লাগল। ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি, সেও খেলা দেখে দারুণ খুশি।
বৃদ্ধ আক্তারুজ্জামান আনন্দ প্রকাশ করে বলেন, আমাদের গ্রামে এই প্রথম এমন কলাগাছের ভেলার বাইচ হলো। আমরা সবাই দারুণ আনন্দ পেয়েছি। এমন আয়োজন প্রতিবছর নিয়মিত হোক।
বাইচ আয়োজক কমিটির সদস্য আবু কাউসার অপু বলেন, গ্রামের মানুষ দীর্ঘদিন সুস্থ বিনোদন থেকে বঞ্চিত। তাই তাদের একটু আনন্দ দিতেই আমরা এই ব্যতিক্রমী কলাগাছের ভেলাবাইচের আয়োজন করেছি। এলাকার নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি আমাদের এই আয়োজনকে সার্থক করেছে। ইনশাআল্লাহ, আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখব।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)