হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ছানোয়ার গ্রেপ্তার
জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম ও আরিফুল ইসলাম এই আদেশ দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নথি জানা যায়, ছানোয়ার হোসেন বর্তমানে অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ভাটারা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুর রহমান আদালতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে ভাটারা থানা এলাকায় আন্দোলন চলাকালে কয়েকশ মানুষ অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। ওই সময় গুলিবর্ষণ ও হামলায় সোহেলী তামান্না বাম হাতের কবজিতে গুরুতর আঘাত পান। তার পিঠেও গুলি লাগে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে আহত সোহেলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ২০২৫ সালের ৭ জুলাই ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেন। মামলায় সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ অন্যদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।
ছানোয়ার হোসেনকে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ওই সময় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ভাটারা থানায় করা একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে সন্দেহভাজন আসামি হিসেবে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে বিভিন্ন মামলায় তাকে কারাগারে রাখা হয়। এরই ধারাবাহিকতায় এবার জুলাই আন্দোলনের সময় সোহেলী তামান্নাকে হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

আদালত প্রতিবেদক