দুর্বৃত্তদের লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাত, নবজাতকের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় দুর্বৃত্তদের হামলায় তানিয়া বেগম (২৫) নামে সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার সময় তানিয়ার স্বামী হাবিব পাহলান (৪৫) ও বাবা দুলাল হাওলাদারকেও (৫৫) মারধর করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের মুন্সী বাড়ি স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় অটোচালক হাবিব তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও শ্বশুরকে নিয়ে হাসপাতালে যাওয়ার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে মুন্সীবাড়ি স্ট্যান্ড সংলগ্ন সড়কে সোহাগ, মামুন ও শাওন শিকদার নামে তিনজন দাঁড়িয়ে ছিল। তাদের জন্য যান চলাচলে সমস্যা হওয়ায় সরতে বললে তারা ক্ষিপ্ত হয়ে হাবিব ও তার শ্বশুরের ওপর চড়াও হয়। তানিয়া তাদের বাঁচাতে এগিয়ে গেলে ওই তিনজন তার পেটে লাথি মারে এবং তাদের অন্তত দেড় ঘণ্টা সেখানে আটকে রাখে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে জরুরি বিভাগের প্রবেশমুখে তানিয়ার গর্ভপাত ঘটে এবং কিছুক্ষণ পর নবজাতকটি মারা যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পরপরই দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাজল বরণ দাস, পটুয়াখালী